২০০৮ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন। যেহেতু ২০০৮ সানের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
(১) এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৭-০৮ অর্থ বৎসর) আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।
(২) এই আইন ১৬ আষাঢ়, ১৪১৫ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০০৮ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ২০০৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সে সকল ব্যয় নির্বাহের জন্য উক্ত তফসিলের কলাম ৫ এ উল্লিখিত আঠার হাজার চারশত পাঁচ কোটি তিরানব্বই লক্ষ বিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।
এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইল।
(১) নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ৩৫ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীনে কৃত বা গৃহীত ব্যবস্থাদি এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।