২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন। যেহেতু ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ
(১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।
(২) ইহা ১৭ আষাঢ় ১৪১৬ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই ২০০৯ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।
২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত এক লক্ষ ঊননব্বই হাজার নয়শত ঊনষাট কোটি ছিয়ানব্বই লক্ষ ঊনসত্তর হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।
এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।