পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণের চাকুরীর শর্ত নির্ধারণকল্পে গঠিত জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন, ২০১০ এর সুপারিশ বাস্তবায়নের নিমিত্ত প্রণীত আইন যেহেতু পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকগণের চাকুরীর শর্ত নির্ধারণকল্পে গঠিত জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন, ২০১০ এর সুপারিশ বাস্তবায়নের নিমিত্ত প্রণীত আইন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
(১) এই আইন পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরীর শর্তাবলী) আইন, ২০১২ নামে অভিহিত হইবে।
(২) ইহা ১৯ বৈশাখ, ১৪১৯ বঙ্গাব্দ মোতাবেক ০২ মে, ২০১২ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(৩) এই আইন সমগ্র বাংলাদেশের পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
(১) আপাততঃ বলবৎ অন্য কোন আইন, বিধি, প্রবিধান, উপ-আইন, চুক্তি, রোয়েদাদ, মীমাংসা, প্রথা, রীতি বা চাকুরীর শর্তাবলীতে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, কমিশনের কোন সুপারিশ বিবেচনা করিয়া বাস্তবায়নের উদ্দেশ্যে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিককে প্রদেয় মজুরী, বাড়ীভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা, উৎসব ভাতা, বোনাস, ছুটি নগদায়ন, কনট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, টিফিন ভাতা, গ্রাচ্যুইটি, পাহাড়ী ভাতা, রোটেটিং শিফ্ট ডিউটি ভাতা, নাইট শিফ্ট ভাতা, গ্রুপ ইন্স্যুরেন্স, শিক্ষা সহায়ক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাদি নির্ধারণ করিতে পারিবে।
(২) উপ-ধারা (১) এ বর্ণিত সুবিধা ও ভাতাদি ব্যতীত অন্যান্য যে সকল সুবিধা ২০০৬ সালের মজুরী কাঠামোতে (জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন, ২০০৫ এর সুপারিশের ভিত্তিতে প্রবর্তিত) প্রবর্তন করা হইয়াছিল তাহাও পূর্বের নিয়মে ও হারে বহাল থাকিবে, তবে পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানসমূহের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন শ্রমিককে উপরি-উক্তভাবে নির্ধারিত সুযোগ-সুবিধার অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান করিতে পারিবে না।
(৩) উপ-ধারা (১) এ বর্ণিত মজুরী, বাড়ীভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, কনট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, টিফিন ভাতা, গ্রাচ্যুইটি, পাহাড়ী ভাতা, রোটেটিং শিফ্ট ডিউটি ভাতা, নাইট শিফ্ট ভাতা, গ্রুপ ইন্স্যুরেন্স, শিক্ষা সহায়ক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের নিমিত্ত পর্যায়ক্রমে ভূতাপেক্ষ কার্যকারিতা প্রদানের জন্য নিয়মাবলী সম্বলিত প্রজ্ঞাপন জারী করা যাইবে।
ধারা ৩ এর অধীন নির্ধারিতব্য মজুরি ০১ জুলাই, ২০০৯ খ্রিস্টাব্দ এবং ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার নূতন হার ০১ জুলাই, ২০১০ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
ধারা ৩ এর অধীন সরকার কর্তৃক নির্ধারিত কোন সুযোগ-সুবিধা সম্পর্কে এই আইন প্রবর্তনের পূর্বে বা পরে সম্পাদিত চুক্তি, উপনীত মীমাংসা বা প্রদত্ত রোয়েদাদ উক্ত ধারার অধীনে নির্ধারিত কোন কিছুর পরিপন্থী হইলে এইরূপ চুক্তি, মীমাংসা বা রোয়েদাদ বাতিল হইবে এবং উহা কোনভাবেই বলবৎযোগ্য হইবে না।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।
(১) পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরীর শর্তাবলী) আইন, ২০০৬ (২০০৬ সনের ২৮ নং আইন), পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরীর শর্তাবলী) অধ্যাদেশ, ২০১২ (২০১২ সনের ০৫ নং অধ্যাদেশ) এবং উহাদের অধীন জারীকৃত সকল প্রজ্ঞাপন, অতঃপর উক্ত আইন, অধ্যাদেশ ও প্রজ্ঞাপন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও উক্ত আইন, অধ্যাদেশ বা প্রজ্ঞাপন এর অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।