এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উহাতে প্রতিষ্ঠাতা সদস্য হইয়াছে; এবং যেহেতু চুক্তি বাস্তবায়নসহ ব্যাংকের সদস্য হিসাবে দায়-দায়িত্ব পালনকল্পে ও আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:
(১) এই আইন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আইন, ২০১৬ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে -
(১) ‘‘চুক্তি’’ অর্থ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার Articles of Agreement;
(২)‘‘ব্যাংক’’ অর্থ চুক্তির অধীন প্রতিষ্ঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক;
(৩) ‘‘সদস্য’’ অর্থ ব্যাংকের সদস্য।
(১) চুক্তির Article 5 ও 6 এর অধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে প্রদেয় প্রয়োজনীয় সমুদয় অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদত্ত হইবে।
(২) চুক্তি অনুসারে ব্যাংক হইতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ সংযুক্ত তহবিলে জমা হইবে।
বাংলাদেশে অবস্থিত উক্ত ব্যাংকের ধারণকৃত বাংলাদেশি মুদ্রা বা অন্যান্য পরিসম্পদের আমানতদার (depository) হইবে বাংলাদেশ ব্যাংক।
(১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের সহিত সংযোজিত তফসিলে বিধৃত চুক্তির Chapter IX এর বিধানাবলী বাংলাদেশের আইনের ক্ষমতার মর্যাদাসম্পন্ন হইবে:
তবে শর্ত থাকে যে, চুক্তির Chapter IX এর Article 51 এর Exemption from Taxation সংক্রান্ত বিধানের এমন কোন ব্যাখ্যা করা যাইবে না যাহা -
(২) সরকার, গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পরবর্তীতে যথাযথভাবে প্রণীত ও গৃহীত চুক্তির সংশোধনীর সহিত সামঞ্জস্য রাখিয়া এই আইনের সহিত সংযোজিত তফসিল সংশোধন করিতে পারিবে।
সরকার চুক্তির অধীন আর্থিক বাধ্যবাধকতা ও দায়িত্ব পালনে বিবেচ্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং সব ধরনের ব্যবস্থা গ্রহণ করিবে।
সরকার, গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে।
(১) এই আইন প্রবর্তনের পর সরকার, গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজীতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।
(২) বাংলা পাঠ ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।