২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
(১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০১৭ নামে অভিহিত হইবে।
(২) ইহা ১৭ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৭ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।
২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৫৩৫২১৪,১৫,৯২,০০০ (পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত চৌদ্দ কোটি পনের লক্ষ বিরানব্বই হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।
এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।