বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ (২০২২ সনের ০৯ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
(১) এই আইন বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
উক্ত আইনের ধারা ১০ এর উপধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(২) শিল্পকলা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ধর্ম, জনসেবা, ক্রীড়া, পেশাভিত্তিক বা সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত কোনো জনহিতকর উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত কোম্পানি, সমিতি বা সংঘের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না। ”।
উক্ত আইনের ধারা ১৪ এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“তবে শর্ত থাকে যে, সরকার প্রয়োজন মনে করিলে বিশেষ বিবেচনায় নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্ধিত সময়ের ধারাবাহিকতায় আরও ০৬ (ছয়) মাস সময় মঞ্জুর করিতে পারিবে:
আরও শর্ত থাকে যে, সরকার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত ০৬ (ছয়) মাস সময়ের মধ্যে কোনো বাণিজ্য সংগঠন নির্বাচন অনুষ্ঠান করিতে ব্যর্থ হইলে উক্ত বাণিজ্য সংগঠনের নির্বাচন অনুষ্ঠান ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রশাসক নিয়োগ করিতে পারিবে।”।
উক্ত আইনের ধারা ১৫ এর উপধারা (১) এ উল্লিখিত “অন্যূন অতিরিক্ত সচিব” শব্দগুলির পরিবর্তে “অন্যূন যুগ্মসচিব” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৯ এর উপধারা (১) উল্লিখিত “ফেডারেশনের প্রতিনিধিগণের” শব্দগুলির পর “এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উপযুক্ত কর্মকর্তাগণের” শব্দগুলি সন্নিবেশিত হইবে।